ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার (১৫ জুলাই) বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে তোলার সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে রাগপ্রকাশ করেন। এ সময় তার ওপর ডিমও নিক্ষেপ করা হয়।
বিকাল সোয়া ৩টার দিকে খায়রুল বাশারকে আদালতে তোলার জন্য হাজতখানা থেকে এজলাসে নেওয়ার সময় সিএমএম আদালতের গেটের সামনে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা বাশারকে কিল, ঘুষি ও লাথি মারেন। এ ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করেছিলেন। তবে তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রাপক প্রতিষ্ঠানে টাকা পাঠানোর পরিবর্তে অবৈধভাবে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা আত্মসাৎ করেন।
গত বছরের ১৭ অক্টোবর, এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাশার ও তার স্ত্রীসহ সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন ভুক্তভোগীরা। তাদের দাবি ছিল, বাশার এবং তার সহযোগীদের শাস্তি দেওয়া হোক।
এ ঘটনায় আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাশারের বিরুদ্ধে অভিযোগ উঠে, শিক্ষার্থীদের ভুয়া অফার লেটার দিয়ে প্রতারণা করা হয়েছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, প্রতিটি শিক্ষার্থী থেকে গড়ে ২০ লাখ টাকা আদায় করা হয়েছে।
বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে চলমান মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে এবং ভুক্তভোগীরা দ্রুত বিচার দাবি করছেন।