নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও দেশ পরিচালনার পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ প্রশ্ন করেন, ‘আপনি বলেছিলেন, আপনাদের প্ল্যান ছিল। আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে যে পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার এসেছিল, গত সাত-আট মাসের কার্যক্রমে মনে হয়েছে দেশ পরিচালনার জন্য কার্যকর কোনো পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনীতি ও দুর্নীতি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, মানুষ আশা করেছিল অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনা হবে এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আগের অর্থ পাচারকারীদের জায়গায় নতুন অর্থ পাচারকারীরা এসেছে।
বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, নির্বাচনের পর আবারও দেশে বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মতো বিষয়গুলো দেখা যাচ্ছে। তার দাবি, এসব ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের শাসনামলের মিল রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের অবস্থা হচ্ছে—বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দলটিকে প্রত্যাখ্যান করেছে। তবে বর্তমানে দলটির নেতাকর্মীরা দেশের বাইরে থেকে বিভিন্নভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দলটি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। নির্বাচনের পর সারা দেশে মামলা-বাণিজ্য, ভয় দেখিয়ে ভোট আদায় এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, ‘ফলে আমরা দেখছি, চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’
বিএনপির ক্ষমতায় আসার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, দলটি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারত, তাহলে গত ১৬ বছরেই তা সম্ভব হতো। তার মতে, ছাত্র-জনতার আন্দোলন ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া বিএনপির ক্ষমতায় আসা সম্ভব হতো না।
নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং মানুষ জীবন না দিলে বিএনপি ক্ষমতায় আসতে পারত না; এমনকি তারেক রহমানেরও দেশে ফেরা সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।