শনিবার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
তিনি বলেন, “এ প্লাস ও গোল্ডেন সয়লাব হয়ে যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৯০ ভাগ শিক্ষার্থী ফেল করে। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা গড়তে হবে, যেখানে শিক্ষার্থী যে মার্ক অর্জন করেছে, তা-ই পাবে। রাষ্ট্র তাকে খয়রাতি কোনো মার্ক দেবে না।” তিনি সস্তা জনপ্রিয়তার জন্য নম্বর বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করেন।
ড. আবরার আরও বলেন, “পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের তরুণ সমাজ। তারা আমাদের নাগরিক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আমরা ধরে নিয়েছিলাম, জীবদ্দশায় প্রজা হিসেবেই মারা যাব। কিন্তু এখন নাগরিক হিসেবে বাঁচার সুযোগ পেয়েছি তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে। তাই আমরা তাদের কাছে দায়বদ্ধ।”
তিনি শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “শিক্ষক পেনশনের জন্য ঘুরবেন, তা আমরা দেখতে চাই না।” পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিয়ে তিনি বলেন, “আমরা চাই সব স্কুল ভালো স্কুলে পরিণত হোক। শুধু ভালো স্কুলে ভর্তি না হতে পেরে অভিভাবকরা যেন হতাশ না হন, সেদিকেও নজর দেব।”
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। উপস্থিতরা শিক্ষাব্যবস্থা সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানান।