বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য এক আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে চীন। ঢাকার চীনা দূতাবাস মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুন থেকে জুলাই পর্যন্ত সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মাসব্যাপী বিনামূল্যের ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে বাংলাদেশি অংশগ্রহণকারীদের আহ্বান করা হচ্ছে।
প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করছে চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গত ১৪ এপ্রিল জাতীয় সংসদে চীনা দলের পরিচালিত ড্রোন প্রদর্শনীর সাফল্যের পর এই কর্মসূচি আসছে, যা একদিকে বাংলা নববর্ষের আনন্দ, অন্যদিকে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রশিক্ষণটি ইংরেজি মাধ্যমে হবে এবং দুই ধাপে বিভক্ত থাকবে। প্রথম ধাপে (১-২ সপ্তাহ) ড্রোন তৈরির মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা শেখানো হবে, যা অংশগ্রহণকারীদের প্রযুক্তি নিয়ে প্রাথমিক ধারণা তৈরি করবে।
দ্বিতীয় ধাপে (১-২ সপ্তাহ) ক্রোস্টারসের নিজস্ব ড্রোন মডেলগুলোর জন্য বিশেষায়িত প্রোগ্রামিং শেখানো হবে। শিক্ষার্থীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা ও প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করে প্রতিটি ধাপের সময়কাল নির্ধারিত হবে।
এই উদ্যোগ বাংলাদেশি তরুণদের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনমূলক দক্ষতা অর্জনের এক বিরল সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দেশের ড্রোন শিল্প ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।