দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মোট ৯০ প্লাটুন মোতায়েনের কথা জানানো হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েনের বিবরণ অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন ও ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র বিশ্লেষণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।