ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের পানির অধিকার, কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) আয়োজিত ‘গঙ্গা পানি চুক্তি: পুনঃনবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে। পানির ন্যায্য অধিকার, কৃষি ও খাদ্যনিরাপত্তার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সম্পাদিত ১৯৭৭ সালের ফারাক্কা চুক্তিকে তুলনামূলকভাবে ভালো উল্লেখ করে এ্যানি বলেন, ওই চুক্তিতে বাংলাদেশকে পানি পাওয়ার নিশ্চয়তা দেওয়ার একটি ধারা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারা রাখা হয়নি।
ফারাক্কা চুক্তি নবায়নকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এ বিষয়ে কাজ করছে। একই সঙ্গে প্রতিবেশী দেশের কাছ থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।