আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা তথ্যকে বিগত আওয়ামী লীগ সরকারের ‘প্রোপাগান্ডা’র অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ আল-কায়েদা সংশ্লিষ্ট এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। তার দাবি, অতীতে আওয়ামী লীগ সরকারও এ ধরনের প্রচার চালিয়েছে এবং সেটি তাদের রাজনৈতিক কৌশলের অংশ ছিল।
জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার কার্যক্রম নিয়ে যে তথ্য উল্লেখ করা হয়েছে, তার ভিত্তি ও প্রমাণ সম্পর্কে জাতিসংঘের কাছে জানতে চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবেদনটিতে থাকা তথ্য-উপাত্তের উৎস ও ভিত্তি যাচাই করা প্রয়োজন। বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতিসংঘের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাইবে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনেও এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে জানান শামা ওবায়েদ।