জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই শুধু একটি মাস নয়, বরং জাতির স্মৃতিতে ৩৬ দিনের এক দীর্ঘ অধ্যায়, যা অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার শক্তির প্রতীক।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে আহত ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন।
ড. ইউনূস বলেন, সাংবাদিক, আলোকচিত্রী ও সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এছাড়া রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাঁদের বক্তব্য ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং চিকিৎসকরাও নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অবদান রেখেছেন। বিশেষ করে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, আন্দোলনে নারীদের দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের তরুণ সমাজের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে শক্তিশালী বলে মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করতে সক্ষম হয়। এই ঐক্যের শক্তিকে ধরে রেখে দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।