মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে দেশে ফিরতে তার আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন দলের নেতারা।
সোমবার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি পরিবারের বরাত দিয়ে জানান, মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার থেরাপির অগ্রগতি ইতিবাচক এবং শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে।
গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয় তাকে।
মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।