পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের যে আমন্ত্রণ জানানো হয়েছে, তা সরকার পর্যালোচনা করছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি জানান, ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই সময়ে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। তাই সব কর্মসূচি সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
এর আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে আগ্রহী এবং সফরটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। তবে সফরের সময়সূচি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও অগ্রাধিকারের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিকস সম্মেলনের এ আমন্ত্রণ এমন সময় এসেছে, যখন পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ঢাকা ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন করে কূটনৈতিক যোগাযোগ জোরদারের উদ্যোগ নিয়েছে।