প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। দায়িত্ব শেষ হওয়ার পর প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে সরাসরি আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এই সুরক্ষা কেবল দায়িত্বে থাকার সময় পর্যন্ত সীমাবদ্ধ। দায়িত্ব শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, তাঁর এই বক্তব্য বর্তমান বিদায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ করে নয়; বরং এটি একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা। এ বিষয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আদালত সরকারের কোনো অংশ নয়, এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব আদালতে জনগণ ন্যায়বিচারের জন্য যেতে পারেন।
তিনি বলেন, কিছু মামলায় সরকার একটি পক্ষ হতে পারে, তবে আদালত স্বাধীনভাবে তার সিদ্ধান্ত দেয়। আবার অনেক মামলায় সরকার কোনো পক্ষও থাকে না।
জাহেদ উর রহমান বলেন, সরকারের বিরুদ্ধেও অসংখ্য রিট হয় এবং উচ্চ আদালতের বিভিন্ন মামলায় সরকার পরাজিত হয়েছে। তাই বিচার প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, ‘এখন আদালতে সব বিষয়ই যাচ্ছে এবং আদালত স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করছে।’