পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদের বাইরে জামায়াত ও এনসিপির সভা-সমাবেশে দেশপ্রেম ও দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের যে প্রতিফলন থাকা উচিত, তা দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে আরও পরিণত রাজনৈতিক বক্তব্য দেওয়া প্রয়োজন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি জরুরি। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় অধিবেশনে তারা নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে সংসদের বাইরের রাজনৈতিক সমাবেশগুলোতে দেশপ্রেম ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যাশিতভাবে উঠে আসছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনীতি থেকে দেশ কী পেতে পারে, সে বিষয়ে জনগণ সচেতন। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ এবং জনগণের সেবা নিশ্চিত করা।
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজনীতিতে জবাবদিহি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।