পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে। শ্রম খাতে সংস্কারের মাধ্যমে শালীন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে শ্রমিকদের অধিকার সুরক্ষায় আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির আরও সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির বৈঠকে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়ার দ্রুত সমাপ্তিতে সহায়ক হবে।
এ সময় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাতে সংস্কার কার্যক্রম এবং সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম সংস্কার, শালীন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইএলও বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও একটি উদাহরণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।