বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের আস্থা হারিয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।”
মন্ত্রী বলেন, সরকারে থাকা মানেই ক্ষমতার অপব্যবহার নয়; জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তিনি সবাইকে সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশের বিভিন্ন খাতের ক্ষতি করেছে। বিশেষ করে তাঁত শিল্পের উন্নয়নের পরিবর্তে এ খাতকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন এবং নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।