জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাগেরহাট দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত একটি জেলা। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বৈরাচারের শাসনামলে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও বাগেরহাট অবহেলিত ছিল।
শুক্রবার (১৭ জুলাই) রাতে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়। রাজনৈতিক নেতৃত্ব নীতিনির্ধারণ করে, আর স্থানীয় প্রশাসন সেই নীতির বাস্তবায়ন করে।
এই সমন্বয়ের মাধ্যমে বাগেরহাটসহ সারা দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বাগেরহাটের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয় এবং জেলার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।