জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কী ধরনের অগ্রগতি অর্জন করেছে, তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সরকারের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে জনগণকে জানানো সরকারের দায়িত্ব। এ কারণেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তথ্য তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যক্রমের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।