প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, নিরাপদ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মাহ্দী আমিন বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির নতুন বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ নতুন আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনশক্তি গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি স্বল্প খরচে, স্বচ্ছ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের জন্য আরও সহজ ও জবাবদিহিমূলক সেবা ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
আইওএম প্রতিনিধি দল বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম তুলে ধরে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিদেশগামী কর্মীদের জন্য উন্নত সেবা নিশ্চিতকরণ এবং সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় সংস্থাটি।
এ ছাড়া, বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আসন্ন উদ্বোধনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।