স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বারবার বললেও সরকার তাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়। যেহেতু তিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না—তা আইনজ্ঞরা বলতে পারবেন।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল বিভিন্ন ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এর আগেও অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমান আন্দোলনে অনেক অছাত্রও যুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না।