শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
একই দিনে দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয় প্রশাসন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা পরীক্ষা শেষে উত্তরা, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তবে পরীক্ষা শেষে দুপুর পর্যন্ত নীলক্ষেত, সায়েন্সল্যাব কিংবা আশপাশের এলাকায় শিক্ষার্থীদের কোনো উল্লেখযোগ্য জমায়েত দেখা যায়নি।
পরে অতিরিক্ত মোতায়েন করা বিজিবি ও পুলিশ সদস্যদেরও সেখান থেকে সরে যেতে দেখা যায়। বর্তমানে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তারা পরীক্ষা স্থগিত, ভুল প্রশ্নের পূর্ণ নম্বর এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও সরকার কিছু বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।