সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরোজাজার। বৈঠকে নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ।
বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে ইসলামি উম্মাহর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের মন্ত্রী নারী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বিশেষভাবে সম্প্রতি চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করেন এবং শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু এবং সামাজিক উন্নয়ন খাতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
তিনি নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে দেশটিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানে নারীদের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন।
বৈঠকের শেষে নারী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিম উম্মাহর সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জাহরা বেহরোজাজার। পাশাপাশি তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে ইরান সফরের আমন্ত্রণ জানান।