আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার—কোন পদ্ধতিতে নির্বাচন পরিচালিত হবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার। জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আদালতের রায়ে ৫৪টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রায়ে অন্তত চারটি বিষয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
মো. আসাদুজ্জামান আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই তা বাস্তবায়ন করা হবে। আগামী জাতীয় সংসদের অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতের এ রায়ের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।