আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথে সরকার দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, এক শ্রেণি জুলাই সনদকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং গণভোট সংক্রান্ত দাবি উত্থাপন করছে, যা সনদের অংশ নয়।
তিনি আরও বলেন, এসব বিভ্রান্তি তৈরি হলে সংশ্লিষ্টরা ভিন্ন কৌশল অবলম্বন করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, একদিকে ফ্যাসিবাদী শক্তি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, অন্যদিকে মৌলবাদী গোষ্ঠী ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ছে। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আইনমন্ত্রী আরও বলেন, তারেক রহমান সামনের কাতারে থেকে যে দিকনির্দেশনা দেবেন, সেটিই সরকারের পথনির্দেশ হিসেবে বিবেচিত হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার সেই পথেই এগিয়ে যাবে।
তিনি বলেন, জুলাইকে কেন্দ্র করে দেশ এখন দুই ভাগে বিভক্ত। একপক্ষ এটিকে নিয়ে ব্যবসা-বাণিজ্যের চেষ্টা করছে, অন্যপক্ষ জুলাই সনদের বাস্তবায়নে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে কাজ করছে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে সেই সনদ বাস্তবায়ন করা।