মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি নিজ হাতেই গাড়ির সরকারি লোগো খুলে ফেলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
তবে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে বলে জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।
অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে একজন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
রোববার (১৮ অক্টোবর) দিনভর এ ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলে। এতে ক্ষমতাসীন বিএনপি ও সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
এরই মধ্যে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হলে প্রথমে তা অস্বীকার করেন তিনি। তবে সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।