তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইল দীর্ঘ সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা এখন কেবল সীমান্তকেন্দ্রিক নয়; আধুনিক ব্যবস্থায় তথ্য ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের তথ্য ব্যবস্থাপনায় একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে রক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে আনসার ও ভিডিপির নতুন অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।