প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি ‘জীবনবান্ধব বাজেট’। সরকারের কার্যকর উদ্যোগের কারণে বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
বাজেট বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, জ্বালানি এবং ক্রিয়েটিভ ইকোনমির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের পানি সংকট ও তিস্তা নদীকে কেন্দ্র করে মানুষের উদ্বেগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান।
তারেক রহমান বলেন, বিএনপি সব সময় কৃষি ও কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের পানির অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।