বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে একটি ট্রাকের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সরকার আশা করছে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়নি। প্রচলিত নিয়ম অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে বিতর্কের সুযোগ নেই।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।