স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করে তুলতে সরকার কাজ করছে। তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকে দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি হাতিরঝিলের উন্নয়নেও চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার (২৭ জুন) হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। ধানমন্ডি লেকের উন্নয়নের পাশাপাশি হাতিরঝিলে গত এক মাস ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে, যা নিয়মিত তদারকি করা হচ্ছে।
তিনি জানান, হাতিরঝিলে উন্নত আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। লেকের দুই তীরে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এছাড়া সন্ধ্যার পর হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও আবাসিক ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রতি শনিবার উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় পর্যায় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, তবে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে চাই।”