শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, দায়িত্ব যথাযথভাবে পালন করলে পদোন্নতিসহ সব ধরনের প্রাপ্য নিশ্চিত হবে। তিনি সতর্ক করে বলেন, অযৌক্তিক চাপ বা হুমকি-ধমকি দিয়ে কোনো দাবি আদায়ের সুযোগ নেই।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় এক কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন না।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়নে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পিত উদ্যোগ নেওয়ারও দায়িত্ব তাদের রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন। এসব পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করেছেন, তাদের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোনো ধরনের চাপ, হুমকি বা আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। সবাইকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।