প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এরপরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিক অবহিতকরণের পরও যাত্রা অব্যাহত রাখতে বাধার মুখে পড়ার ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের সকল নাগরিকের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।