প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ উল্লেখ করে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন—এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।
মুখপাত্র আরও বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে সন্তোষজনক বলে প্রতীয়মান হয়নি।
চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে অংশ নিতে ভারত সফরে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয় বলে জানা যায়।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব তার ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।