দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশে রেল কোচ সরবরাহ শুরু করতে যাচ্ছে ভারত। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই প্রথম চালান বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করা হবে।
ভারতের রেল মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে প্রায় ৯১৫ কোটি টাকা মূল্যের একটি চুক্তির আওতায় এসব কোচ সরবরাহ করা হবে। প্রথম ধাপে সর্বোচ্চ ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। কোচগুলো তৈরি হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথলা রেল কোচ ফ্যাক্টরিতে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোচ হস্তান্তরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। জুলাই মাসে প্রথম চালান পাঠানোর পর পর্যায়ক্রমে বাকি কোচগুলো সরবরাহ করা হবে।
রাইটস ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ভারত মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে রাইটস এই প্রকল্পের কাজ পায়। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক প্রক্রিয়াগত কারণে প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে পড়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার সরবরাহ কার্যক্রম শুরু হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রেলওয়ে খাতে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে ভারত। এর আগে দেশটি বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে।
নতুন চুক্তির আওতায় কোচ সরবরাহের পাশাপাশি নকশা সহায়তা, খুচরা যন্ত্রাংশ, জনবল প্রশিক্ষণ এবং কমিশনিং সেবাও দেওয়া হবে। প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং পর্বের পাশাপাশি অতিরিক্ত ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা রাখা হয়েছে।