বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে ২৪টি অত্যাধুনিক জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা নতুন গতি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্রের দাবি, আগামী আগস্টের মধ্যেই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। চুক্তির আওতায় প্রতিটি জে-১০সিই যুদ্ধবিমানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করে এ বিষয়ে আলোচনা করেছে।
প্রধানমন্ত্রীর বেইজিং সফরে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দেশের মধ্যে প্রায় ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ইশতেহার স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এদিকে তিস্তা ব্যারাজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, মংলা বন্দরের আধুনিকীকরণ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। সরকার আশা করছে, চীনের বিনিয়োগ ও শিল্প স্থানান্তরের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হলে তা আঞ্চলিক ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।