মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের বৈধতার আওতায় আনার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানও সফরে অংশ নিয়েছেন।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। সেখানে তিনি ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সজ্জিত করা হয়েছে।