সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শনিবার প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, চীন সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বিভিন্ন খাতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর মাধ্যমে অর্থনৈতিক, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও জানান, সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর গ্লোবাল ইনিশিয়েটিভগুলো নিয়ে আলোচনা হবে এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
এদিকে মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মীদের প্রবেশ সহজ করা এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদে সমর্থন আদায়ের বিষয়গুলো আলোচনায় থাকবে বলে জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বিষয়ে দেশটির অভ্যন্তরীণ রিভিউ শেষে সিদ্ধান্ত আসবে। তিনি আশা প্রকাশ করেন, সফর শেষে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।
প্রধানমন্ত্রীর ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরের পর ২৩ জুন তিনি চীনে যাবেন এবং ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।