ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ২৮ জুন নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৫ বারের মতো পেছানো হলো।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলায় রাজনৈতিক প্রতিহিংসাকে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।