প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সদ্য ঘোষিত জাতীয় বাজেটের পর দেশের বাজারে একটি পণ্যেরও দাম বাড়েনি। বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস করা হয়েছে। শনিবার কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বাজেট নিয়ে সমালোচনা করলেও বাস্তবতা ভিন্ন। সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করেছে। তিনি জানান, কর বৃদ্ধি করা হয়েছে কেবল মদ ও সিগারেটের মতো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের ওপর, যা জনস্বার্থেই করা হয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে নগদ প্রণোদনা দেওয়া হবে এবং নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দেন। পাশাপাশি ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে হাজারো কৃষক উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী দাবি করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ধীরে ধীরে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।