ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহু ষড়যন্ত্র ও হত্যাচেষ্টার পরও তিনি দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দাবি করেন, তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা হয়েছিল। তবে সব বাধা অতিক্রম করে তিনি আবারও দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে ফিরব। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়েই ফিরব।” আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দলটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে।
তার দাবি, শতাধিক নেতা-কর্মী নিহত হয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবন্দি। বিদেশে অবস্থানরত নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি ও স্থলসীমান্ত চুক্তির মতো অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, বিরোধীদের ভারত-তোষণের অভিযোগ ভিত্তিহীন।