প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করবে না এবং এ উদ্যোগে মুদ্রাস্ফীতির কোনো শঙ্কা নেই। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হবে। তার মতে, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক উন্নয়নের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এ প্রবণতা কমাতে সরকার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন এলাকায় উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
রাজধানীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দুই সিটি করপোরেশন পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে এবং আগামী পাঁচ বছরে বিপুল সংখ্যক গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সারা দেশে মৌলিক নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।