বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে নতুন করে গুরুত্ব পাচ্ছে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্ক। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর, যা শুরু হচ্ছে দিল্লি থেকে।
সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এই সফরের একটি উল্লেখযোগ্য দিক হলো—দিল্লি সফর শেষে ড. রহমান ও জয়শঙ্কর একই বিমানে করে মরিশাস যাচ্ছেন, যেখানে তারা নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন।
দীর্ঘ এই বিমানযাত্রায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ তৈরি হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের কিছুটা শীতল সম্পর্ক কাটিয়ে উঠতে উভয় দেশই ‘রিক্যালিব্রেশন’-এর পথে হাঁটছে। গঙ্গা পানিচুক্তি, বাণিজ্য সুবিধা পুনর্বহাল, জ্বালানি সহযোগিতা ও কানেক্টিভিটি প্রকল্প নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে এগোয়, তা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।