নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের ধর্মীয় দায়িত্ব পালনকারীদের সম্মানী দেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
ঘোষণা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন পাবেন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা করে।
এছাড়া প্রতিটি মন্দিরের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।
একইভাবে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।
প্রতিটি চার্চের জন্যও মাসিক ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
সরকারের এ উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।