আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম–এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করে তিনি দাবি করেন, ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং একটি সিন্ডিকেট এ কাজে জড়িত ছিল।
সুলতান মাহমুদের অভিযোগ, আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি এসআই শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) করার পেছনে অনিয়ম হয়েছে।
তিনি আরও দাবি করেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন–কে রাজসাক্ষী করা এবং রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার বিষয়েও প্রশ্ন রয়েছে। চানখাঁরপুলের একটি মামলায় গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও এক কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, নিয়োগ বাতিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ছিল স্বচ্ছ ও আইনসম্মত। অভিযোগগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্তের ঘোষণা আসেনি।