প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে বলে কঠোর বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়ে আমিনুল ইসলাম জানান, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। তবে যারা প্রকৃত অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কঠোরভাবে পরিচালিত হবে এবং তারা শাস্তি এড়াতে পারবেন না।
তিনি বলেন, এ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রত্যাশা অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। দক্ষতা, মেধা ও আইনি জ্ঞান প্রয়োগ করে মামলাগুলো পরিচালনার অঙ্গীকার করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচার কার্যক্রম পরিচালনায় কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব রাখা হবে না। আইনের আলোকে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে। পাশাপাশি চলমান মামলাগুলোর গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।