সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর মূল লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোকে প্রধান ভূমিকা দেওয়া এবং এ খাতে অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত রাখা।
চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ পর্যালোচনায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (এনরিচমেন্ট) কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণেও যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর নজরদারি বজায় রাখা সম্ভব হবে।
তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা আপত্তির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে অনেক আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?