ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে টানা ৩২ ঘণ্টা আটকে থাকার পর ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় তার মাকেও।
শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধারকর্মীরা নবজাতকটিকে জীবিত উদ্ধার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বাইরে আনার পর উপস্থিত উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো নবজাতকটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এক উদ্ধারকর্মীর কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা হয়।
ভিডিওটি প্রকাশ করেন উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। ক্যাপশনে তিনি জানান, শিশুটির বয়স মাত্র ১৮ দিন। দীর্ঘ ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরবর্তীতে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে নবজাতকটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের একটি শয্যায় শুয়ে থাকতে দেখা যায়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর অথবা আশপাশের কোনো বস্তু দিয়ে শিশুটিকে সুরক্ষিত রেখেছিলেন। এ কারণেই নবজাতকটি গুরুতর আঘাত থেকে রক্ষা পেতে পারে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?