শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অর্থনীতি

রিজার্ভ নিয়ে যা জানালেন নতুন গভর্নর

বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট আছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভের সংকট ওভারনাইট যাবে না। তবে অযৌক্তিক পর্যায়ে বাজারে ডলার সরবরাহ কমিয়ে দেওয়া হবে না। রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট পার্টনারদের (উন্নয়ন অংশীদার) সঙ্গে আলোচনা করা হবে। বুধবার সচিবালয়ে ‘মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার’ […]

রিজার্ভ নিয়ে যা জানালেন নতুন গভর্নর

রিজার্ভ নিয়ে যা জানালেন নতুন গভর্নর

নিউজ ডেস্ক

১৪ আগস্ট ২০২৪, ২১:০৯

বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট আছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভের সংকট ওভারনাইট যাবে না। তবে অযৌক্তিক পর্যায়ে বাজারে ডলার সরবরাহ কমিয়ে দেওয়া হবে না। রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট পার্টনারদের (উন্নয়ন অংশীদার) সঙ্গে আলোচনা করা হবে।

বুধবার সচিবালয়ে ‘মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার’ লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজার্ভ সংকট নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে নতুন গভর্নর বলেন, রিজার্ভ সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না। এটা আমরা দেখব। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাইনি। আমাদের হিসাব করতে হবে, আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে। আমাদের যেটুকু মিনিমাম সেটুকু রাখতে হবে।

তিনি বলেন, এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না, তাহলে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় আমদানি বাড়ানোর ব্যাপারে অথবা কিছু পেমেন্ট যেগুলা হয়ে গেছে সেগুলো আমাকে ইজ আপ করতে হবে। কারণ পরবর্তী আমদানি তার কাছ থেকে করতে হলে আমাকে তাকে কিছু দিতে হবে।

তিনি আরও বলেন, খুব সাবধানে হাঁটতে হবে। হাঁটতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি এগুলো করা যাবে। এগুলো করা খুবই সম্ভব। আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে রিজার্ভ আরেকটু বাড়ানো যায়। সব মিলিয়ে চেষ্টা হবে এবং ইনশাল্লাহ কয়েক মাস পর ফল দেখা শুরু করব।

ব্যাংকিং কমিশন নিয়ে প্রশ্ন করা হলে গভর্নর বলেন, এটা নিয়ে আজকে আলোচনা হয়নি। এটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন কীভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বসবে এবং আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করব। আলাপ করে একটা রোডম্যাপ করতে হবে। সময়ের সঙ্গে আপনারা জানতে পারবেন।

অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ঋণ-সুদ মওকুফ পেলেন ১৪ লাখ কৃষক

র্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ কৃষকের ঋণ ও সুদ মওকুফ করেছে সরকার। ব্যাংকের পাওনা বাবদ পরিশোধ করা হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা।

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ কৃষকের ঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। এসব কৃষকের প্রত্যেকের ঋণের পরিমাণ ছিল সর্বোচ্চ ১০ হাজার টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ঋণ ও সুদ মওকুফের পর কৃষকদের কাছে ব্যাংকগুলোর যে অর্থ পাওনা ছিল, তা সরকার পরিশোধ করেছে। এ বাবদ ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা দেওয়া হয়েছে।

তিনি জানান, নির্দিষ্ট কোনো অঞ্চল নয়, দেশের প্রতিটি উপজেলার যোগ্য কৃষককে এ কর্মসূচির আওতায় সুবিধা দেওয়া হয়েছে।

সংসদে চুয়াডাঙ্গা জেলার করদাতাদের নিয়েও তথ্য দেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমানে জেলাটিতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। তবে ২০২৫-২৬ করবর্ষে তাদের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন।

অর্থনীতি

আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ

স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনতে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করছে পেট্রোবাংলা। আন্তর্জাতিক মূল্যসূচকের তুলনায় এতে অন্তত ৩০০ কোটি টাকা বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজ ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১

আন্তর্জাতিক বাজারের প্রচলিত মূল্যসূচকের তুলনায় বেশি দাম দিয়ে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে বাংলাদেশ। গত সপ্তাহে তিনটি এলএনজি কার্গো কেনায় পেট্রোবাংলার ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, জাপান-কোরিয়া মার্কার বা জেকেএম সূচকের তুলনায় কার্গোগুলো কিনতে অন্তত ৩০০ কোটি টাকা বেশি খরচ হয়েছে।

দরপত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর সরবরাহের জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রতি ইউনিট এলএনজির দাম দিয়েছে ২৭ দশমিক ৫৪ ডলার। একই সময় জেকেএম সূচকে দাম ছিল ২৪ দশমিক ০৯ ডলার।

আরেকটি কার্গোর জন্য বিপি সিঙ্গাপুর প্রতি ইউনিট ২৮ দশমিক ০৩ ডলার দর দেয়। অথচ ওই সময় জেকেএম মূল্য ছিল প্রায় ২৫ ডলার। আগামী ৫ থেকে ৬ অক্টোবর সরবরাহের জন্য বিটল ইশয়া লিমিটেডের দেওয়া দর ছিল প্রতি ইউনিট ২৬ দশমিক ৬৬৮৮ ডলার। তখন জেকেএম সূচকে এলএনজির দাম ছিল প্রায় ২৫ ডলার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, সংশ্লিষ্ট সময়ে স্পট মার্কেটে প্ল্যাটস ও জেকেএমের মূল্যসীমা ছিল প্রতি ইউনিট ২২ দশমিক ৮২ থেকে ২৪ দশমিক ৬১ ডলার। সেই হিসাবে তিনটি কার্গোর প্রতিটিই আন্তর্জাতিক সূচকভিত্তিক দামের চেয়ে বেশি মূল্যে কিনতে হয়েছে।

বাড়তি দামের কারণ ব্যাখ্যা করে জ্বালানি বিভাগকে আরপিজিসিএল ও পেট্রোবাংলা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক এলএনজি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে পণ্যটির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পেট্রোবাংলার নির্ধারিত গ্যাসের মান ও হিটিং ভ্যালুসংক্রান্ত শর্তের কারণেও অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্রে আগ্রহ দেখাচ্ছে না বলে সংস্থা দুটির ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্পট মার্কেট থেকে খুব অল্প সময়ের মধ্যে এলএনজি সরবরাহের শর্ত দিয়ে দরপত্র আহ্বান করায় সম্ভাব্য সরবরাহকারীর সংখ্যা কমে যাচ্ছে। প্রতিযোগিতা সীমিত হয়ে পড়ায় দরও তুলনামূলক বেশি উঠছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এলএনজি সরবরাহে আগ্রহী হলেও নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে কার্গো পাঠানো সম্ভব না হওয়ায় তারা দরপত্রে অংশ নিতে পারছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থনীতি

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, সভায় শ্রমিকপক্ষ তাদের […]

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১৬:২৭

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, সভায় শ্রমিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। তবে মালিকপক্ষ এখনো কোনো লিখিত প্রস্তাব দেয়নি। তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ক্রমাগত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসন খরচ বিবেচনায় নিয়ে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। গত কয়েক বছরে মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় নতুন মজুরি কাঠামো প্রয়োজন বলে মনে করছেন তারা।

বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষ দিকে এই মজুরি নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গত কয়েক দিনে কয়েকশ কারখানা বন্ধ হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো সুপারিশ করতে ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।