শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিলেন ফারুকী

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, যেসব সংখ্যালঘুরা এসব হামলার শিকার হয়েছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই ধারণা করা হচ্ছে, ধর্মীয় কারণে নয়, বরং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যমে এই ইস্যুটি নিয়ে ব্যাপকভাবে ‘অপপ্রচার’ চালানো […]

ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিলেন ফারুকী

ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিলেন ফারুকী

নিউজ ডেস্ক

১৪ আগস্ট ২০২৪, ২১:৪৪

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, যেসব সংখ্যালঘুরা এসব হামলার শিকার হয়েছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই ধারণা করা হচ্ছে, ধর্মীয় কারণে নয়, বরং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

কিন্তু ভারতীয় গণমাধ্যমে এই ইস্যুটি নিয়ে ব্যাপকভাবে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। সংখ্যালঘুদের ওপর হামলার যেসব ছবি এবং ভিডিও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, তার বেশিরভাগই ভুয়া। এই বিষয়ে ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের এক কর্মসূচিতে ছাত্র হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অথচ ভারতীয়রা সামাজিক মাধ্যমে তাকে ‘সাহায্যপ্রার্থী হিন্দু নারী’ হিসেবে পরিচয় করিয়ে পোস্ট শেয়ার করছে।

এমন একটি পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল বাঁধন, অথচ একটি এক্স আইডিতে তাকে সাহায্যপ্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সার্কাস। আপনাদের পরিস্থিতি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলছি, বাঁধনের পেছনে চশমা পরা যে লোকটি দাঁড়িয়ে আছেন, পিপলি আর খান নামে সে ব্যক্তি হাসিনাকে নিয়ে একটি সিনেমাও বানিয়েছিলেন। আন্দোলনে তিনিও শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।’

এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকে ‘ইসলামপন্থিদের আন্দোলন’ হিসেবে দেখানোরও প্রতিবাদ জানিয়েছেন এই চিত্র পরিচালক, ‘প্রথম দিন থেকেই ভারতীয় সংবাদমাধ্যম এবং (ভারতের) সামাজিক মাধ্যমের একটি অংশ জনতার বিপ্লবকে ইসলামপন্থিদের আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, এটা স্রেফ মিথ্যাচার।’

শেখ হাসিনাকে উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতিমূর্তি হিসেবে ভারতীয় গণমাধ্যমে প্রচারের যে চেষ্টা চলছে, তারও বিরোধীতা করেছেন ফারুকী। এক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা শশী থারুরের মন্তব্যকে সমর্থন করে তিনি বলেন, ‘দয়া করে বুঝার চেষ্টা করুন, সে (শেখ হাসিনা) একজন অত্যাচারী। শশী থারুর ঠিক বলেছেন যে, তার সময় শেষ হয়ে গেছে। তার হাত রক্তে রঞ্জিত। এই সুযোগে ভারতের উচিৎ ছিল বাংলাদেশের সঙ্গে সেতুবন্ধন তৈরি করা। দুর্ভাগ্যজনকভাবে, তারা এখনো সে চেষ্টা করেনি।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের একাত্মতা প্রকাশ করে সামাজিক মাধ্যম সক্রিয় ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের আমলে কোনো ব্যাখ্যা ছাড়া দীর্ঘসময় তার ছবি ‘শনিবার বিকেল’ আটকে রাখে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিনোদন

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট তৈরি করা কোনো বিনোদন নয়,এটি অপরাধ: মেহজাবীন চৌধুরী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দিতে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন […]

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট তৈরি করা কোনো বিনোদন নয়,এটি অপরাধ: মেহজাবীন চৌধুরী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দিতে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন মেহজাবীন চৌধুরী।

পোস্টে তিনি লেখেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?

মেহজাবীন লেখেন, এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত!কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?

তিনি আরও লেখেন, কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?

বিষয়টি কেবল নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, আর বিষয়টা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যেও সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারে যে কেউ, আবার এর শিকারও হতে পারে যে কেউ।

মেহজাবীন আরও লেখেন, আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে। বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে, আলোচনা করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন ।

বিনোদন

ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ পরীমনি

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে পরিবারের সদস্যদের সামনে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পরীমনি।

ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ পরীমনি

বাঁধনের পাশে পরীমনি

নিউজ ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও এক শিশুর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

ঘটনার একটি ভিডিও শেয়ার করে পরীমনি লেখেন, রাস্তায় কয়েকজনের চিৎকারের কাছে একটি শিশুর কান্নাও গুরুত্ব পায়নি। তিনি আক্রমণকারীদের উদ্দেশে তীব্র ভাষায় নিন্দা জানান।

জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন বাঁধন। এ সময় একদল ব্যক্তি তাকে ঘিরে গালিগালাজ ও হেনস্তা করতে থাকেন বলে অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে কটূক্তি করেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা তার ভাইয়ের শিশু সন্তান আতঙ্কে কাঁদতে শুরু করে। তবে ওই ব্যক্তিদের আচরণ থামেনি বলে ভিডিওতে দেখা যায়।

পরে এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তার অভিযোগ, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। শরীরে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারার পাশাপাশি টানাহেঁচড়ার সময় তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির সমালোচনা করছেন অনেকেই।