জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। একই সঙ্গে হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৭৭ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন জকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, এখনো ব্যালট বাক্স খোলা হয়নি। ভোট গণনা শেষ হলে চূড়ান্তভাবে সঠিক শতাংশ জানা যাবে। আপাতত সম্ভাব্য হিসাব অনুযায়ী এই ভোটের হার জানানো হয়েছে। প্রধান কমিশনারের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক এবং সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৩টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবারের নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’সহ একাধিক প্যানেল অংশ নেয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।