রাফি হোসেন কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে বিজয় দিবস – ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক তারিন বিনতে এনাম, মাহিনুর আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারীরা।
হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে বিজয়ের ৫৪ বছর উপলক্ষে ৭ দিন ব্যাপি আয়োজিত বিভিন্ন প্রীতি ক্রীড়া টুর্নামেন্ট এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত এবং হলের আবাসিক শিক্ষার্থীদের দ্বারা একটি সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মধ্যে দিয়ে আয়োজন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমাদের বর্তমান আবাসিকতার হার খুব কম, সব মিলিয়ে ২৪% শিক্ষার্থীকে আবাসিকতার সুবিধা দিতে পারি আমরা৷ তোমরা যারা এই সুবিধা পাচ্ছো আমি আশা করবো তোমরা পড়াশোনা শেষে করে নিজেদেরকে দেশ ও দশের সেবায় নিয়োজিত করবে।”
অনুষ্ঠানের সভাপতি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হলের আজকের যে আয়োজন এর কৃতিত্ব সম্পূর্ণই হলের শিক্ষার্থীদের। আমাদের হলের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো কাটিয়ে উঠতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আশা করি হলের সকল সীমাবদ্ধতা শীঘ্রই কাটিয়ে উঠবো।”