আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।
অবরোধস্থলে পরীক্ষার্থী দিপু সুলতান বলেন, “৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আমাদের হাতে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। অথচ পূর্ববর্তী ব্যাচগুলো ১৫ থেকে ১৬ মাস প্রস্তুতির সুযোগ পেয়েছে। এত বড় সিলেবাস দুই মাসে শেষ করা বাস্তবসম্মত নয়। আমরা শুধুই যৌক্তিক সময় দাবি করছি।”
আরেক পরীক্ষার্থী বলেন, “এক মাস ধরে আমরা দাবি জানিয়ে আসছি। বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস অত্যন্ত বিস্তৃত—এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। পরশুদিনই পরীক্ষা, কিন্তু পিএসসি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বাধ্য হয়েই আবার আমরা রাস্তায় নেমেছি, যাতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।”
অবরোধে প্রায় ২০ জন উত্তীর্ণ পরীক্ষার্থী অংশ নেন। তারা দ্রুত সময়সূচি পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হস্তক্ষেপ কামনা করেছেন।