বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ছাত্রসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় ববি ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প ২০২৫’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনো সর্বত্র ঘাপটি মেরে আছে। বর্তমান সরকারের ম্যান্ডেট ছিল স্বৈরাচারের বিচার করা, কিন্তু তারা এক বছরেও তা করতে পারেনি।”
তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা দিনের আলোয় আমাদের ভাইদের হত্যা করেছিল। আজও সেই মানসিকতার দলগুলো টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে লিপ্ত। কিন্তু জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে তাদের সেই দুঃস্বপ্ন আর বাস্তবায়ন হবে না।”
ইসলামী ছাত্রশিবিরের আদর্শ তুলে ধরে ডাকসুর ভিপি বলেন, “আমরা কুরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। কোনো দখলদারিত্ব বা টেন্ডারবাজির রাজনীতিতে আমাদের স্থান নেই। ন্যায়, সততা ও ইনসাফের ভিত্তিতেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
অনুষ্ঠানে ববি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে অনেক শিক্ষার্থী কুরআন থেকে দূরে সরে যায়। তাই আমরা শিক্ষার্থীদের কুরআনের কাছাকাছি আনতে প্রথম পর্যায়ে দুই হাজার শিক্ষার্থীকে কুরআন দিয়েছি, পরবর্তীতে আরও এক হাজার শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন ববি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।